বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

প্রতিকি ছবি

বগুড়ায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাশেদ শেখ (৩৫) এবং তার ছোট ভাই রাকিব (৩০)। তারা সদর উপজেলার আটাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিরুল ইসলাম শাওন এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহের জেরে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।