বেশিরভাগ ইতালিয়ান এবার যে কারণে ব্রাজিলের হয়ে গলা ফাটাবে

বেশিরভাগ ইতালিয়ান এবার যে কারণে ব্রাজিলের হয়ে গলা ফাটাবে

ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। দেশটির ফুটবল সমর্থকরা এবারের বিশ্বকাপেও সমর্থনের জন্য অন্য দল বেছে নিচ্ছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে ব্রাজিল। এর নেপথ্য কারণ ব্রাজিলের কোচ হিসেবে আছেন ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি। এ ছাড়া জনপ্রিয়তার দৌড়ে আছে স্পেনও। 

চলতি মাসের শুরুতে জরিপ সংস্থা এসডব্লিউজি ৮০০ ইতালীয় নাগরিকের ওপর একটি জরিপ চালায়। এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ বিশ্বকাপ দেখার পরিকল্পনা করছেন।

বিশ্বকাপ দেখবেন এমন সমর্থকদের মধ্যে ১৭ শতাংশ ব্রাজিলকে সমর্থন করবেন। ১৬ শতাংশ স্পেনের পক্ষে। এ ছাড়া ১০ শতাংশ আর্জেন্টিনা এবং ৫ শতাংশ সমর্থক রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ডের।

ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরএআইকে জানান তিনি ব্রাজিল এবং কার্লো আনচেলত্তিকে সমর্থন করবেন।

আনচেলত্তি একজন খেলোয়াড় ও কোচ হিসেবে একাধিকবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন এবং ইতালির অন্যতম সফল ফুটবল ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।

আবোদি আরও জানান, তিনি তুরষ্ক ও উজবেকিস্তানকেও সমর্থন করবেন। এই দুই দলের কোচ যথাক্রমে ইতালিয়ান ভিনসেনজো মনটেলা ও ফ্যাবিও কানাভারো। 

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবারও বিশ্বকাপে খেলতে পারেনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান আসরের বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া-হার্জেগোভিনার কাছে হেরে তারা ছিটকে যায়। আরও হতাশাজনক বিষয় হলো ইতালি শেষবার বিশ্বকাপ জয়ের পর গত ২০ বছরে একবারও বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ খেলতে পারেনি।