মাদারীপুরে প্রীতি ফুটবল: নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের জয়
সংগৃহীত ছবি
মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর সোনালী অতীত ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব। শুক্রবার বিকালে সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচটির উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলার নির্ধারিত সময়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব একটি গোল করে এগিয়ে যায়। পরে মাদারীপুর সোনালী অতীত ক্লাব একাধিক আক্রমণ পরিচালনা করলেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় অতিথিরা খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব এবং মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।