আগামী এক বছরের মধ্যে সরকারের সাফল্য আরও দৃশ্যমান হবে : দুদু

আগামী এক বছরের মধ্যে সরকারের সাফল্য আরও দৃশ্যমান হবে : দুদু

ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাত্র চার মাস দায়িত্ব পালন করছে। আগামী এক বছরের মধ্যে এ সরকারের সাফল্য আরও দৃশ্যমান হবে দেশ সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠবে এবং তারেক রহমান বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সরকারের নেতা হিসেবে পরিচিতি পাবেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়া তা অনুসরণ করেছেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শ অনুসরণ করেই রাজনীতি করছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শহীদ জিয়া ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, একা কারও পক্ষে কাজ করা সম্ভব নয়। আন্দোলনে যেমন সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে ছিলেন, তেমনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আন্দোলন সফল হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং বিএনপি একক সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচনে জয় লাভ করেছে।

তিনি আরও বলেন, শুধু সাধারণভাবে চললে হবে না, আরও শক্তভাবে এগোতে হবে। কারণ দেশে-বিদেশে যারা পরাজিত হয়েছে এবং পালিয়ে গেছে, তারা বসে নেই। পার্শ্ববর্তী একটি দেশ তাদের সমর্থন ও আশ্রয় দিচ্ছে। এ কারণে সবাইকে সচেতন, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে না।