নাসিরনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন।
প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন।
এ ছাড়া বক্তব্য দেন গোকর্ণ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব এবং চাতলপাড় কলেজের প্রভাষক মনিরুল হোসেন মনির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্য। সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলগুলো বিচারকদের সামনে তাদের স্টার্টআপ পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। প্রতিটি দলে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ‘পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই)’ কর্মসূচির আওতায় দেশব্যাপী এ আয়োজন করা হচ্ছে।
এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। নাসিরনগর উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলগুলো উপজেলা পর্যায়ের প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
প্রদর্শনী শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে।