নেত্রকোনায় ধর্ষণ মামলার আসামি গাজীপুরে আটক
প্রতিকি ছবি
নেত্রকোনার কেন্দুয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আ. রহিম (৫০) র্যবের জালে আটক। আটক আ. রহিম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ র্যাব ১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি লুৎফা বেগম।
এর আগে ১১ জুন (বৃহস্পতিবার) বিকালে গাজীপুর জেলার জয়দেবপুরের ভবানীপুর বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার বিবরণ ও র্যাব জানায়, গত ৬ জুন বাছুরকে কুকুর তাড়া করেছে এমন খবর নিয়ে অভিযুক্ত আঃ রহিম শিশুর বাড়িতে গিয়ে জানিয়ে আসেন। খবর শুনে শিশুর মা তার কন্যাকে বাছুর খুঁজে আনতে পাঠায়। কিন্তু এক ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটি বাড়ি ফিরে না আসায় মা নিজেই মেয়েকে খুঁজতে বের হন। একপর্যায়ে তিনি দেখতে পান, একটি গাব গাছের নিচে শিশুর মুখ চেপে ধরে আঃ রহিম তার শিশুকন্যাকে ধর্ষণ করছে। এটি দেখে চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসে। সাথে সাথেই রহিম পালিয়ে যান। পরে এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত ৯ জুন নেত্রকোনার কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার পর থেকেই আসামি আঃ রহিম গ্রেফতার এড়াতে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-১৪ এর একটি গোয়েন্দা দল আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুন বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ (সদর কোম্পানি) এবং গাজীপুর পোড়াবাড়ী র্যাব-১ (সিপিএসসি) যৌথ অভিযানে দল গাজীপুরের জয়দেবপুরের ভবানীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি লুৎফা বেগম জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।