নারায়ণগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকায় এই ঘটনা ঘটে।
ভিকটিম শিশু সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের কূর্মেশ্বর্দী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শিশুটি তার ভাড়া বাসার ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অপর ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে সিয়াম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই সময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে সিয়াম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্ত সিয়ামকে ঘরে আটক করে রাখে। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে বিচার দাবি করলে শরিফ ও শান্ত ধর্ষক সিয়ামকে পালিয়ে যেতে সাহায্য করে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে উত্তেজিত জনতা গোপালদী তদন্ত কেন্দ্র ঘেরাও করে ধর্ষককে গ্রেফতার ও তার বিচার দাবি করেন।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্ত গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রে আটক ছিল। পরে তাদের থানায় পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় সহযোগিতা করায় বাড়ির মালিক ও ধর্ষককেসহ মোট তিনজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।