গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিকি ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে লিপি বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত লিপি বেগম উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গাড়ামারা গ্রামের বাসিন্দা জিল্লুর রহমানের স্ত্রী। জিল্লুর রহমান ঢাকায় রিক্সাচালক হিসেবে কাজ করেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ের বিয়ে হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে লালমনিরহাট-সান্তাহার রেলপথের মহিমাগঞ্জ-বোনারপাড়া সেকশনের এ্যাডভান্স স্টার্টার এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন লিপি বেগম।

মহিমাগঞ্জ রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আনিছুর রহমান বলেন, সোমবার সকাল পৌনে ১০টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ কমিউটার ট্রেন মহিমাগঞ্জ ত্যাগ করে ৩৫৮ কিলোমিটারের ৮-৯ এলাকায় পৌঁছুলে ওই ট্রেনে কাটা পড়ে নিহত হন ওই নারী।

স্থানীয়রা জানান, একদিন পূর্ব থেকে শাড়ি ও হলুদ ওড়না পরিহিত আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারী মহিমাগঞ্জ রেল স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তিনি সম্ভবত সকলের অগোচরে স্টেশনের পৌনে এক কিলোমিটার উত্তর পাশের জনবিরল ওই স্থানে ট্রেনের নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

প্রতিবেশিরা জানান, সাংসারিক অভাব ও ঋণের কারণে বিষন্নতায় ভুগছিলেন ওই নারী। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে খন্ড-খন্ড হয়ে যাওয়া মরদেহটি উদ্ধার করে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।