ইটের আঘাতে বৃদ্ধ নিহত
প্রতিকি ছবি
মাগুরায় ভাতিজার ইটের আঘাতে চাচা আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে প্রথমে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এ সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের চলাকালে হঠাৎ একটি ইট এসে বৃদ্ধ আরব আলীর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রিন্স মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম। আরব আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। লাশ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।