গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

ফাইল ছবি

গোপালগঞ্জ সদর উপজেলায় দুইটি যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। 

মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়া কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

গোপালগঞ্জ ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ ও ট্রাফিক পুলিশের পরিদর্শক মনোজিৎ নন্দী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে নয়জন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ছয়জন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদপুরের মোহাম্মদ আলীর ছেলে রসূল (২৫), প্রমি (২০), খুলনার আকলিমা (৪৫), আনোয়ার (৫৩),  নুসরাত (১৯),গোপালগঞ্জের আমিনুল (২০),  ইয়াসিন (২৫) গাইবান্ধার মুনিয়া (২০), নড়াইলের  নুসরাত (১৮)।

অন্যদিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জয় রায় (২৫), রুনা (৩৮), নারায়ণগঞ্জের  ফাতেমা (২৫), ইয়াসিন (২৫), গোপালগঞ্জের রাবেয়া (৬৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা জিএমএস ও সুন্দরবন পরিবহনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সুন্দরবন পরিবহনের গাড়িটি জি এম এস পরিবহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আশা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে যাত্রীবাস দুটিবাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এসয়ম ওই দুই বাসের অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও‌ পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। 

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। তবে তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সুন্দরবন পরিবহনের যাত্রী ভোলার চরফ্যাশন উপজেলার দুলাল মিয়া বলেন,  সুন্দরবন পরিবহনে মোংলা থেকে ঢাকার দিকে যাচ্ছিলাম। গোপালগঞ্জের ঘোনাপাড়া পৌছালে দুটি বাস পাল্লাপাল্লি করেছিল। সুন্দরবন পরিবহনকে জিএমএস পরিবহনকে সাইড দেওয়ার জন্য বারবার সংকেত দেয় কিন্তু সাইড দেয়নি। এসময় ঢাকার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে জিএমএস পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে সুন্দরবন পরিবহন পেছন থেকে লাগিয়ে দেয়। এতে ট্রাক ও যাত্রীবাহী বাস দুটি সড়কের পাশে পড়ে যায়। এ দুর্ঘটনায় দুই বাসের অধিকাংশ যাত্রী আহত হয়েছেন। 

দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।