সিরাজগঞ্জে ট্রাকচাপায় দায়িত্বরত এটিএসআই নিহত
ফাইল ছবি
সিরাজগঞ্জে ট্রাকচাপায় নুরুল ইসলাম (৪৩) নামে এক ট্রাফিক পুলিশের সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সয়বাদ রেলওয়ে স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এটিএসআই সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর থানার বোহাইল গ্রামের মৃত আফসার আলী ছেলে।
যমুনা সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল হক জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বালুবাহী একটি ট্রাক অপর একটি ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে রং সাইডে ঢুকে পড়ে। এ সময় মহাসড়কের পাশে দায়িত্বরত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম মারা যান।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে পেছন থেকে অপর একটি গাড়ি ধাক্কা দেওয়ায় ওই ট্রাকের চালকও আহত হন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাফখর হোসেন জানান, নিহত এটিএসআই নুরুল ইসলাম মহাসড়কের নিয়মিত দায়িত্ব পালন করলেন। এ সময় ট্রাক চাপায় তিনি মারা যান। তার পরিবারের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।