মাদারীপুরে মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসনে সেমিনার অনুষ্ঠিত

মাদারীপুরে মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসনে সেমিনার অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

মাদারীপুরে মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে পুনঃএকত্রীকরণে সংশ্লিষ্ট পেশাজীবীদের ভূমিকা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, সমাজকর্মী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রবিউল ইসলাম এবং পরিদর্শক মো. ফরহাদ আকন্দ।

সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মাদকাসক্তি কেবল ব্যক্তিগত সমস্যা নয়, এটি পরিবার ও সমাজের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। তাই মাদকাসক্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের যথাযথ চিকিৎসা, কাউন্সেলিং এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও পুনর্বাসন কার্যক্রম সমানভাবে গুরুত্বপূর্ণ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

আয়োজকরা জানান, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে