গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রতিকি ছবি

গাইবান্ধায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

শোভাযাত্রায় সহস্রাধিক সমর্থক আর্জেন্টিনার জার্সি ও পতাকা গায়ে জড়িয়ে সড়কে সড়কে নিজ দলের পক্ষে স্লোগান দেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে শহরের গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে ফিরে সেখানে গিয়ে শেষ হয়। এদিন দুুপুর থেকে ওই বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকে সমর্থকরা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে সমর্থকদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় অংশগ্রহণকারীদের সবার পরনে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। তাদের হাতে দলের পতাকা। শোভাযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে সমর্থকেরা অংশগ্রহণ করেন।

এদিকে আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রা দেখতে বিভিন্ন বাজার ও সড়কে মানুষের ভিড় জমে। অনেকেই হাততালি দিয়ে নিজ দলের সমর্থকদের উৎসাহ দেন।

আয়োজকদের একজন ইমাম হাসান আলাল বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই হচ্ছে এ আয়োজনের মুল উদ্দেশ্য। আশা করি এবারও আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হবে।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত জাহাঙ্গীর আলম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আর্জেন্টিনার শৈল্পিক ফুটবল আমাদের আকৃষ্ট করে। দীর্ঘ চার বছর পর পর এই আনন্দের মুহূর্ত আমাদের মাঝে ফিরে আসে। বিগত বিশ্বকাপেও আমরা এমন র‌্যালির আয়োজন করেছিলাম, এবারও করছি। পুরো জেলার মানুষ আমাদের এই শো-ডাউন উপভোগ করছে এবং উৎসাহ দিচ্ছে।

আরেক ভক্ত রোহিদ হাসান রিন্টু বলেন, আমরা কাপ বা ট্রফি দেখে আর্জেন্টিনাকে ভালোবাসিনি। আর্জেন্টিনা মানে আমাদের কাছে একটি আবেগের নাম, ভালোবাসার স্থান। মাঠে দলের হার কিংবা জিত যাই হোক না কেন, আমরা সবসময় আর্জেন্টিনার সাথেই আছি। তবে দলের বর্তমান যে পারফরম্যান্স, তাতে এবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন হবে।