গাইবান্ধায় ট্রেনে কাটা পড়া থেকে অল্পের জন্য রক্ষা পেল কিশোরী

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়া থেকে অল্পের জন্য রক্ষা পেল কিশোরী

সংগৃহীত ছবি

গাইবান্ধা রেল স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেল লাইনের পাশে পড়ে অল্পের জন্য কাটা পড়া থেকে রক্ষা পেল একটি  কিশোরী (১৬)। এসময় আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তার হাত ধরে টেনে রাখেন।

খুব কাছ দিয়ে ট্রেনটি রেরিয়ে গেলে তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনা হয়। স্টেশনে থাকা লোকজনের মোবাইল ফোনে ধারণ করা রুদ্ধশ্বাস দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ১৪ মিনিটে গাইবান্ধা স্টেশনে প্রবেশ করে। পরে ১টা ১৯ মিনিটে গন্তব্যে রওনা হয়।

রোরখা পরিহিতা কিশোরীটি ট্রেন চলতে শুরু করার পর পাদানিতে পা রাখলে হঠাৎ প্লাটফরমের নিচে চলন্ত গাড়ির পাশে পড়ে যায়। অল্পের জন্য তার পা লাইনে চলন্ত চাকার নিচে পড়েনি। এসময় লোকজন তাকে ওই অবস্থায় টেনে ধরে প্ল্যাটফর্মের সঙ্গে চেপে ধরে রাখেন। ট্রেন গতি বাড়িয়ে চলে গেলে ভীতসন্ত্রস্ত মেয়েটিকে প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়।

সে খুব দ্রুত স্থান ত্যাগ করায় তার নাম কিংবা গন্তব্য কেউই জানতে পারেনি।

এ সময় স্থানীয়রা ’আাল্লাহ বাচাইসে ’ বলে চিৎকার করেন। ভিডিওতে ভীত কণ্ঠে মেয়েটিকে ‘আম্মা জানলে কেটে ফেলবে’ বলতে শোনা যায়।

গাইবান্ধা স্টেশন মাস্টার সুমিত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কিশোরীটি অল্পের জন্য রক্ষা পেয়েছে। সাধারণ মানুষ ওই অবস্থায় তাকে সাহস ও সহায়তা দিয়ে প্রশংসনীয় কাজ করেছেন।

তিনি বলেন, ওই ঘটনার পর আতঙ্কগ্রস্ত মেয়েটি দ্রুত চলে যায়। ফলে তার সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে তার সঙ্গে আর কেউ ছিল না।’