চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিকী ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাপায় হাবিবুর রহমান (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে আলমডাঙ্গা কালিদাসপুর গ্রামের বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়িয়া মাজিলা গ্রামের আলী আকবর হোসেনের ছেলে। তিনি এনজিও শিশু নিলয়ের মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল জানান, বৃহস্পতিবার রাতে হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে মেহেরপুর মজিবনগর থেকে নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়া মজিলা গ্রামে যাচ্ছিলেন। পথে আলমডাঙ্গা কালিদাসপুর বাস স্ট্যান্ডের কাছে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেয়া হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।