রাজধানীতে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি।
রাজধানীর ধানমন্ডিতে বহুতল একটি ভবন থেকে পড়ে রিক্তা (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ৬টার দিকে ধানমন্ডি থানাধীন ৯/এ নম্বর রোডের একটি ভবনে এ ঘটনা ঘটে।
বিকেল ৪টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রিক্তা কিশোরগঞ্জের বাসিন্দা শাহিনের মেয়ে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. জান্নাতুল ফেরদৌসী জানান, আমরা খবর পেয়ে ধানমন্ডির ১৫/এ নম্বর রোডে অবস্থিত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এসআই জান্নাতুল আরও জানান, ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার ছাদে থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে ধানমন্ডির ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।