লেবাননে চার ইসরাইলি সেনা নিহত
ফাইল ছবি।
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। এর মধ্যে ইসরাইলের চার সেনা নিহত হয়েছে। এছাড়া আরও পাঁচ সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) আজ শুক্রবার (১৯ জুন) এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইসরাইলের হামলায় লেবাননের অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বহুল আলোচিত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এতে ‘লেবাননসহ সকল রণাঙ্গনে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা থাকলেও ইসরাইল তার তোয়াক্কা করছে না।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননে গত রাতভর ও আজ শুক্রবার (১৯ জুন) সকাল পর্যন্ত চলা ইসরাইলি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
হিজবুল্লাহর পাল্টা হামলায় চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, নিহতদের একজনকে লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহন বলে শনাক্ত করা হয়েছে। আইডিএফ আরও বলেছে, বাকি তিন সেনার পরিচয় পরে জানানো হবে।
এছাড়া আরও পাঁচ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সামরিক বাহিনী জানিয়েছে, একটি ‘বিস্ফোরক ড্রোন হামলায়’ পাঁচজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।