অর্ধসহস্র কর্মী ছাঁটাই করতে যাচ্ছেন ভারপ্রাপ্ত মার্কিন গোয়েন্দা প্রধান

অর্ধসহস্র কর্মী ছাঁটাই করতে যাচ্ছেন ভারপ্রাপ্ত মার্কিন গোয়েন্দা প্রধান

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান বিল পুলটে// ছবিঃ সংগৃহিত।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান বিল পুলটে জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় (ওডনি) থেকে শত শত কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। তিনি যুক্তরাষ্ট্রের বৃহৎ গোয়েন্দা সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

বিষয়টির সঙ্গে পরিচিত দুইটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, ফেডারেল হাউজিং নিয়ন্ত্রক সংস্থার প্রধান এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী পুলটে বৃহস্পতিবার নির্ধারিত সময়ের এক দিন আগেই নতুন কর্মস্থলে হাজির হন। তিনি সেখানে অফিসের সব কর্মচারীর তালিকা চেয়েছিলেন, যাতে তিনি মূল্যায়ন করতে পারেন কাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে।

ওই প্রতিবেদনের বিষয়ে রয়টার্স মন্তব্য জানতে চাইলে ওডনি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, সফরকালে পুলটে আইনজীবী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

প্রতিনিধি পরিষদের স্থায়ী গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জিম হাইমস বলেন, যদি এই প্রতিবেদন সত্য হয়, তাহলে এটি প্রমাণ করে যে পুলটের কখনোই জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা উচিত নয়, কারণ আইনগতভাবে তিনি এই পদে কাজ করার যোগ্য নন।

এক বিবৃতিতে হাইমস বলেন, পুলটেকে গোয়েন্দা কমিটির কঠোর নজরদারির মুখোমুখি হতে হবে। তিনি এই পদে যত অল্প সময়ই থাকুন না কেন, তার নেওয়া যেকোনো পদক্ষেপ—বিশেষ করে কর্মীসংক্রান্ত সিদ্ধান্ত বা গোপন তথ্য প্রকাশের বিষয়গুলো—আমরা গভীরভাবে পর্যালোচনা করব।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের শুরুতে পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দেন। জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একজন রাজনৈতিক অনুগত ব্যক্তিকে এমন একটি গুরুত্বপূর্ণ পদে বসানো হয়, যখন বিশ্বজুড়ে যুদ্ধ ও উত্তেজনা বিরাজ করছে।

এই নিয়োগ নিয়ে রাজনৈতিক সমালোচনা শুরু হলে ট্রাম্প পরে নিউইয়র্কের ম্যানহাটনের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর জে ক্লেটনকে স্থায়ীভাবে এই পদে মনোনীত করেন। তবে বুধবার তিনি আবারও অনিশ্চয়তা তৈরি করেন, যখন কঠোর ভোটার পরিচয়পত্র আইন পাস করানোর জন্য কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করতে ক্লেটনের অনুমোদন শুনানি হঠাৎ স্থগিত করার নির্দেশ দেন।

ওডনি যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক গোয়েন্দা সংস্থা সিআইএ এবং বিদেশি যোগাযোগে আড়িপাতা ও সাইবার হামলা থেকে দেশকে রক্ষা করার দায়িত্বে থাকা এনএসএ-এর তত্ত্বাবধান করে। পুলটে এই পদে তুলসি গ্যাবার্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি গত মাসে পদত্যাগ করেন।

গ্যাবার্ডের শেষ কর্মদিবস শুক্রবার। সিএনএন জানায়, বৃহস্পতিবার পুলটের আকস্মিক উপস্থিতি অফিসের কর্মীদের বিস্মিত করে, এমনকি গ্যাবার্ডকেও আগে থেকে খুব সংক্ষিপ্তভাবে জানানো হয়েছিল।

এর আগে এই মাসে রয়টার্স জানিয়েছিল যে, ট্রাম্প নতুন অন্তর্বর্তী পরিচালককে সংস্থার জনবল কমানোর নির্দেশ দিতে চান বলে মন্তব্য করার পর ওডনি-এর কর্মীদের জানানো হয় যে আগামী মাসগুলোতে ব্যাপক কর্মী ছাঁটাই হতে পারে।

গ্যাবার্ড গত বছর দায়িত্ব নেয়ার পর থেকেই সংস্থাটির কর্মীবাহিনী প্রায় ৪০ শতাংশ কমিয়ে ফেলেছেন।