বর্ষাকালে এসি কোন মোডে চালানো উচিত?

বর্ষাকালে এসি কোন মোডে চালানো উচিত?

ছবি: সংগৃহীত

বর্ষা এলে আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেও বেড়ে যায় বাতাসের আর্দ্রতা। ফলে আবহাওয়া অনুকূলে থাকলেও ভ্যাপসা গরমে সঙ্গী হয় অস্বস্তিকর ঘাম, চিটচিটে ভাব। এসি চালিয়েও প্রত্যাশিত আরাম মেলে না। অনেকসময় তাপমাত্রা কমিয়ে বাড়িয়েও মেলে না কাঙ্ক্ষিত স্বস্তি। 

বর্ষাকালে এসি কোন মোডে চালানো উচিত? 

বর্ষাকালে শুধু ঘরের তাপমাত্রা কমানোই যথেষ্ট নয়, সেসঙ্গে বাতাসে জমে থাকা অতিরিক্ত আর্দ্রতাও কমানো জরুরি। এই কারণেই এই সময় AC-এর ড্রাই মোড (Dry Mode) ব্যবহার করা কার্যকরী।

এসি কেন ড্রাই মোড ব্যবহার করবেন?

বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এই অতিরিক্ত আর্দ্রতার কারণেই শরীরে ঘাম জমে থাকে এবং অস্বস্তি অনুভূত হয়। এসির ড্রাই মোড বিশেষভাবে এই আর্দ্রতা কমানোর জন্য তৈরি করা হয়েছে।

সাধারণ কুলিং মোড মূলত ঘরের তাপমাত্রা কমানোর কাজ করে। এদিকে ড্রাই মোডের প্রধান লক্ষ্য হলো বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে বের করে দেওয়া। ফলে কুলিং মোড চালু রাখলে তাপমাত্রা খুব বেশি না কমালেও আরামদায়ক ও সতেজ অনুভূতি হয়। 

বিদ্যুৎ খরচ হয় কম

ড্রাই মোড ব্যবহারের আরেকটি বড় সুবিধা হলো কম বিদ্যুৎ খরচ। এই মোডে এসির কম্প্রেসার সাধারণ কুলিং মোডের তুলনায় কম সময়ের জন্য চালু থাকে। ফলে বিদ্যুতের ব্যবহারও হয় কম। 

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে যখন ঘর অতিরিক্ত ঠান্ডা করার প্রয়োজন হয় না, তখন ড্রাই মোড ব্যবহার করলে একদিকে যেমন ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে, অন্যদিকে বিদ্যুতের বিলও তুলনামূলক ভাবে কম আসে।

ড্রাই মোড চালু করবেন কীভাবে? 

এসিতে খুব সহজেই ড্রাই মোড চালু করতে পারেন। এজন্য রিমোট কন্ট্রোলে থাকা On চাপ দিন। এরপর সাধারণত Cool, Fan, Auto এবং Dry—এই কয়েকটি অপশন দেখা যাবে। সেখান থেকে Dry Mode নির্বাচন করুন। বেশিরভাগ এসিতে এই মোডের চিহ্ন হিসেবে একটি পানির ফোঁটার প্রতীক থাকে। একবার এটি নির্বাচন করলে এসি স্বয়ংক্রিয়ভাবে ঘরের আর্দ্রতা কমানোর কাজ শুরু করবে।

বর্ষাকালে এসি চালিয়ে আরামদায়ক থাকার সহজ উপায়

বর্ষার দিনে যদি ঘরে চিটচিটে ভাব, ঘাম বা অস্বস্তি অনুভব করেন, তাহলে এসির তাপমাত্রা কমানোর পরিবর্তে ড্রাই মোড ব্যবহার করাই বেশি কার্যকর। এটি ঘরের পরিবেশকে শুষ্ক, সতেজ এবং আরামদায়ক রাখতে সাহায্য করে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় করে। তাই বর্ষাকালে এসি ব্যবহারের ক্ষেত্রে ড্রাই মোড হতে পারে সবচেয়ে স্মার্ট ও কার্যকর বিকল্প।