প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

ফাইল ছবি

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সে লক্ষ্যে ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষের কথা চিন্তা করে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কৃষি সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ চলছে। অসহায়, কৃষক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও খামারিদের স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

শনিবার বিকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটিতে সার, বীজ, চাল, টিন ও নগদ টাকা বিতরণ করা হয়।

এ সময় সমাজকল্যাণ অফিসের মাধ্যমে ৫০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ৫০ বান টিন এবং জনপ্রতি ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। একই সঙ্গে কৃষি অফিসের মাধ্যমে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ২০ কেজি সার ও ৫ কেজি করে বীজ ধান বিতরণ করা হয়। 

এছাড়া প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও খামারিদের মাঝে নগদ অর্থ, খাদ্য উৎপাদন ও দুধ উৎপাদন সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি, খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।