তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

ফাইল ছবি

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত তিনদিন ধরে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি হুহু করে বাড়ছে। একই সাথে দুধকুমর, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানিও বাড়তে শুরু করেছে। ফলে নদনদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন পড়েছেন দুশ্চিন্তায়।
 
কুড়িগ্রাম স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র শনিবার বিকেল ৩টায় জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ৫৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদ-নদীর চর ও দ্বীপচরে পানি উঠেছে। বিশেষ করে তিস্তা নদীর অববাহিকায় পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলে পানি উঠে ফসল নিমজ্জিত হতে শুরু করেছে। নিম্নাঞ্চলে পানি উঠায় সেখানকার পাট খেত, সবজিসহ ফসল নিমজ্জিত হতে শুরু করায় কৃষকরা পড়েছেন চিন্তায়।
 
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সবগুলো নদনদীর পানি বাড়লেও তিস্তার পানি অনেক বাড়ছে। উজানের পানির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে তবে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কেমন কোন আশঙ্কা নেই।