বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ নারী আটক
সংগৃহীত ছবি
কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ জেসমিন আক্তার নামে এক নারী যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। রবিবার (২১ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।
জেসমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের মৃত হারুন মিয়ার কণ্যা।
বিমানবন্দর সূত্র জানা যায়, নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইট (ঠছ-৯২২)-এ ভ্রমণের জন্য বোর্ডিং পাস সংগ্রহ করেন ওই নারী। পরে হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় তার বহন করা একটি ল্যাপটপ ব্যাগ সন্দেহজনক মনে হলে নিরাপত্তা কর্মীরা সেটি তল্লাশি করেন।
এ সময় সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী রাকেশ ঘোষ ব্যাগটির দুই পাশের ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে লুকিয়ে রাখা ইয়াবার চালান শনাক্ত করেন।
পরে ব্যাগ থেকে মোট ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।