ভারতের পাশাপাশি ঢাকায়ও উদযাপিত হলো আন্তর্জাতিক যোগ দিবস
ছবিঃ সংগৃহীত।
রবিবার রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে উৎসবমুখর পরিবেশে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদযাপন করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)।
প্রতি বছর ২১ জুন পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। ভারতের প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই অনুশীলন বর্তমানে বিশ্বব্যাপী শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃত। এবারের যোগ দিবসের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। দীর্ঘায়ু, শারীরিক সক্ষমতা এবং মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয় এতে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কমন যোগা প্রটোকল’ সেশন। আইজিসিসির যোগশিক্ষক শাহানাজ পারভীন ও তার শিক্ষার্থীদের পরিচালনায় অনুষ্ঠিত এ সেশনে অংশগ্রহণকারীরা নবীন ও মধ্যম পর্যায়ের অনুশীলনকারীদের উপযোগী বিভিন্ন যোগাসন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করেন।
এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘আয়ুর্বেদ লাউঞ্জ’। এখানে স্বাস্থ্য ও সুস্থতার সামগ্রিক পদ্ধতি হিসেবে আয়ুর্বেদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। লাউঞ্জে দ্য আয়ুর্বেদ মেডিকেল অ্যান্ড রিসার্চ, ওষধি ল্যাবরেটরিজ এবং ওশিন ন্যাচারালসের প্রদর্শনী স্টল ছিল। পাশাপাশি ভারতের হাইকমিশনের গ্রন্থাগারে সংরক্ষিত আয়ুর্বেদবিষয়ক বইও প্রদর্শন করা হয় দর্শনার্থীদের জন্য।
আয়োজকদের মতে, যোগ শুধু শারীরিক ব্যায়াম নয়, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তির বার্তা বহন করে এটি। এবারের আয়োজন বাংলাদেশে যোগচর্চার প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহ এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের গভীরতাকেও প্রতিফলিত করেছে।