নতুন মামলায় সাবেক এমপি তুহিনসহ দু’জন গ্রেফতার
প্রতিকি ছবি
মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই আদালত অপর একটি মামলায় কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকেও গ্রেফতার দেখান।
এর আগে, সাবিনা আক্তার তুহিনকে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল সৌরভ এবং রোকেয়া জামালকে মিরপুর মডেল থানার অপর উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন আবেদনের পক্ষে শুনানি করেন। অপরদিকে উভয় আসামির গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। শুনানি শেষে বিচারক তাদের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট মিরপুর-১৪ এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মামলার বাদী গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে।
অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে মূল আসামিসহ অজ্ঞাতপরিচয় ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেফতার দেখানো হয়েছে।