নৃত্য পরিচালক জাকির হোসেনের মৃত্যু
নৃত্য পরিচালক জাকির হোসেন, ফাইল ছবি
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
শোক প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’
জায়েদ খান আরও বলেন, ‘জাকির ভাইয়ের অসময়ে চলে যাওয়াটা মেনে নেওয়া খুবই কষ্টের। যেখানেই থাকেন, ভালো থাকেন ভাই। আমিন।’
জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
নৃত্য পরিচালক জাকির হোসেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। বেশ কয়েক মাস ধরেই চলছে তার চিকিৎসা। সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মহাখালী ক্যানসার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে কাজ করছেন জাকির হোসেন। অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের গানের নৃত্য পরিচালনার মাধ্যমে তিনি দর্শক ও নির্মাতাদের আস্থা অর্জন করেছেন। চলচ্চিত্রাঙ্গনে তার অবদান বিশেষভাবে স্বীকৃত।