বিশ্বকাপের মাঝে স্পেন তারকার স্ত্রীকে হত্যার হুমকি
ছবি: সংগৃহীত
ফুটবল মাঠের দলবদল অনেক সময় গ্যালারির আবেগকে নাড়া দেয়, তবে সেই আবেগ যখন ব্যক্তিগত আক্রমণে রূপ নেয়, তখন পরিস্থিতি হয়ে ওঠে উদ্বেগজনক। স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সিদ্ধান্তের পর এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তার স্ত্রী ক্লডিয়া রদ্রিগেজ।
সম্প্রতি চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখান কুকুরেয়া। বিশ্বকাপ শুরুর আগেই তার দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে এই সিদ্ধান্ত সহজভাবে নেননি অনেক সমর্থক, বিশেষ করে বার্সেলোনা ঘরানার ফুটবলপ্রেমীরা।
কুকুরেয়া বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছিলেন এবং সেখান থেকেই তার পেশাদার ক্যারিয়ারের শুরু। ফলে দীর্ঘদিনের ক্লাব-সংযোগ থাকা একজন ফুটবলারের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া অনেক সমর্থকের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয়নি।
এই ক্ষোভের বড় একটি অংশ গিয়ে পড়েছে তার স্ত্রী ক্লডিয়া রদ্রিগেজের ওপর। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নানা ধরনের অপমানজনক বার্তা পাঠানো হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছেন তিনি।
ক্লডিয়া নিজেও রিয়াল মাদ্রিদের সমর্থক হিসেবে পরিচিত। স্বামীর নতুন ক্লাবে যোগ দেওয়ার খবরে তিনি আনন্দিত ছিলেন। কিন্তু সেই আনন্দই এখন তাকে অনাকাঙ্ক্ষিত সমালোচনা ও হেনস্তার মুখে ফেলেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কুকুরেয়া বলেন, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া অত্যন্ত কঠিন। তার বিশ্বাস, ক্যারিয়ারের এই পর্যায়ে এটি ছিল সঠিক সিদ্ধান্ত। নতুন ক্লাবে তিনি অভিজ্ঞ কোচ হোসে মরিনহোর অধীনে কাজ করার সুযোগও পাচ্ছেন।
ফ্যাশন ডিজাইনার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ক্লডিয়ার ইনস্টাগ্রামে প্রায় দুই লাখ অনুসারী রয়েছে। ২০১৮ সাল থেকে একসঙ্গে থাকা এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিশ্বকাপে স্বামীকে সমর্থন জানাতে স্টেডিয়ামেও উপস্থিত রয়েছেন।
দলবদলের পুরো প্রক্রিয়াটি যে বেশ দ্রুত ঘটেছে, সেটিও জানিয়েছেন ক্লডিয়া। তার ভাষায়, বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেই সবকিছু এত দ্রুত হয়েছে যে তারা এখনো পুরো বিষয়টি স্বাভাবিকভাবে উপলব্ধি করার সময় পাননি।
তিনি আরও জানান, একসঙ্গে থাকা অবস্থায় এজেন্টদের কাছ থেকে ভিডিও কলে প্রথম রিয়াল মাদ্রিদের আগ্রহের কথা জানতে পারেন তারা। পরে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হওয়ার খবরও একই কলেই জানানো হয়।