কারণ ছাড়াই বাড়ছে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর কোনো ধরনের কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েই চলছে। এই দর বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত জানুয়ারি মাস থেকে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর টানা বাড়তে থাকে। শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গত ২১ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে একটি চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বর্তমানে দর বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য কোম্পানির নিকট নেই।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত ১১ জানুয়ারি ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ছিল ৩৫ টাকা ৭০ পয়সা, ২২ জুন লেনদেন শেষে কোম্পানির শেয়ার দর ছিল ১৫৭ টাকা ৭০ পয়সা। আলোচ্য সাড়ে ৫ মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১২২ টাকা বা ৩৪২ শতাংশ। এই অস্বাভাবিক দর বাড়ার কারণেই ডিএসই কোম্পানিটিকে ব্যাখ্যা দিতে চিঠি পাঠায়। আর তার জবাবে কোম্পানি জানায়, দর বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য কোম্পানির নিকট নেই।
ড্যাফোডিল কম্পিউটার্স ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৯ কোটি ৯১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ১২ হাজার ৩৫৭টি।