স্বল্প সুদে সিএমএসএমই ঋণ দেবে ঢাকা ব্যাংক
সংগৃহীত
দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে অর্থায়ন সুবিধা সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশনের দুটি পুনঃঅর্থায়ন কর্মসূচিতে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
চুক্তির আওতায় সহজ শর্তে এবং তুলনামূলক কম সুদে উদ্যোক্তাদের ঋণ সুবিধা দেওয়া হবে। বিশেষ করে নারী উদ্যোক্তা, উৎপাদন ও সেবা খাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়নের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
শিল্পসচিব আবদুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, ঢাকা ব্যাংকের এমএসএমই ও ইমার্জিং বিজনেস বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (এফভিসিআইপি) কর্মসূচির আওতায় নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে।
অন্যদিকে, ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় উৎপাদন ও সেবা খাতের মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তারা ৮ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবেন। এ অর্থায়ন চলতি মূলধনের জোগান, ব্যবসা সম্প্রসারণ এবং মূলধনি যন্ত্রপাতি বা সম্পদ আমদানির কাজে ব্যবহার করা যাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় স্বল্প সুদে ঋণপ্রাপ্তির সুযোগ বাড়লে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।