নাইক্ষ্যংছড়ির সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে যুবক নিহত

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে যুবক নিহত

প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্তসংলগ্ন পাহাড়ি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. শফি (৩৫)। তিনি ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী এলাকার বাসিন্দা এবং কালু মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর গর্জনবুনিয়া বিওপির সীমান্ত পিলার-৪১ থেকে প্রায় ৪০০ মিটার বাংলাদেশের ভেতরে পাহাড়ি এলাকায় কলা বাগানে কাজ করার সময় ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়। এতে স্থানীয় বাসিন্দা শফি গুরুতর আহত হন।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই তিনি মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, এই ঘটনার পর সীমান্ত এলাকায় ল্যান্ডমাইনের উপস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।