মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ: শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ: শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫

প্রতিকি ছবি

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মাদারীপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহেরান্দি গ্রামের বাবুল শেখ ও ইমদাদ মাতুব্বরের পক্ষের সঙ্গে একই এলাকার বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের পক্ষের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে শেখ ও মোড়ল বংশের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় দুই পক্ষই এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এছাড়া উভয় পক্ষের চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সংঘর্ষের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, বিভিন্ন বয়সী মানুষ টেঁটা ও বড় লাঠিসোঁটা হাতে প্রতিপক্ষের দিকে ধেয়ে যাচ্ছে। এক পক্ষ ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা করছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শেখ ও মোড়ল বংশের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।