অন্যকে দিয়ে লিখিত পরীক্ষা, জনপ্রশাসনের ভাইভায় এসে আটক ৪
প্রতিকি ছবি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে এসে জালিয়াতির অভিযোগে চারজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়েন তারা।
আটক পরীক্ষার্থীরা হলেন মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান এবং মামুন মিয়া। অসদুপায় অবলম্বন করায় আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, গত ১৯ জুন অফিস সহায়কের লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১০৭ জন প্রার্থী নির্বাচিত হন। বুধবার থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবারও হয়েছে এবং আগামী রবিবারও চলবে। বৃহস্পতিবার মৌখিক পরীক্ষায় নির্ধারিত ৩৬ প্রার্থীর মধ্যে ৩০জন অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষার অংশগ্রহণকারী ৩০ প্রার্থীর মধ্যে চারজন মৌখিক পরীক্ষায় আশানুরূপ উত্তর দিতে পারেননি এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সাথে মিল না পাওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে স্বীকার করেন, তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। অন্য ব্যক্তিদের মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দোষ স্বীকারোক্তির পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহাবাগ থানায় তাদের হস্তান্তর করা হয়।