কেন বলিউড ছেড়েছিলেন কমল হাসান?

কেন বলিউড ছেড়েছিলেন কমল হাসান?

ফাইল ফটো

ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেতা কমল হাসান। তামিল চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে কাজ করলেও আশির দশকে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি।

তবে জনপ্রিয়তার শীর্ষে থাকতেই হিন্দি চলচ্চিত্র থেকে অনেকটা সরে যান এই অভিনেতা।  কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, সে বিষয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছিলেন তিনি।

২০১৭ সালে ইন্ডিয়া টুডে সাউথ কনক্লেভ-এ দেওয়া এক সাক্ষাৎকারে কমল হাসান জানান, সে সময় বলিউডের কাজের পরিবেশ তাঁর কাছে স্বস্তিদায়ক ছিল না। 

তাঁর কথায়, হিন্দি চলচ্চিত্রশিল্পে তিনি নিজেকে অনেকটা অবহেলিত মনে করতেন।

কমল হাসান বলেন, ‘সেই সময়টা এমনই ছিল। আমি যেন হিন্দি সিনেমার গরিব আত্মীয় ছিলাম। নিজের অনেক কাজ নিজেকেই করতে হতো। আর ওরা ছিল বিত্তশালী।

একসঙ্গে ছয়টি সিনেমায় কাজ করত। বিষয়টি আমার কাছে খুব হতাশাজনক মনে হয়েছিল। এটাও বলিউড থেকে দূরে সরে যাওয়ার একটি কারণ ছিল।’

তবে শুধু কাজের পরিবেশ নয়, বলিউডে কথিত আন্ডারওয়ার্ল্ডের প্রভাব এবং কালো টাকার ব্যবহারও তাঁকে অস্বস্তিতে ফেলেছিল বলে জানান এই অভিনেতা।

অভিনেতার কথায়, ‘বলিউডে আন্ডারওয়ার্ল্ডের সংযোগ ছিল অনেক বেশি।

সেখানে থেকে আমি না এর বিরোধিতা করতে চেয়েছি, না কোনো চাপের কাছে নতি স্বীকার করতে চেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কালো টাকার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। আমার ভাই আর আমি সেই সিদ্ধান্ত নিয়েছিলাম।’

কমল হাসান আরো বলেন, কালো টাকার বাইরে থেকেও একজন শিল্পীর পেশাগত জীবন সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব। এ প্রসঙ্গে তিনি প্রয়াত চিত্রগ্রাহক ভিনসেন্টের উদাহরণও তুলে ধরেন।

১৯৭৪ সালে ‘আইনা’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হলেও ১৯৮১ সালের ‘এক দূজে কে লিয়ে’ তাঁকে বলিউডে তারকাখ্যাতি এনে দেয়। কে. বালাচন্দর পরিচালিত ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন রতি অগ্নিহোত্রী। সিনেমাটি দর্শক ও সমালোচক উভয়ের কাছেই ব্যাপক প্রশংসা পায়।

এরপর ‘সনম তেরি কসম’, ‘ইয়ে তো কামাল হো গয়া’, ‘জারা সি জিন্দেগি’, ‘সদমা’, ‘সাগর’ ও ‘গিরফতার’-সহ একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি। ১৯৮৫ সালের পর দীর্ঘ বিরতি নিয়ে ১৯৯৭ সালে ‘চাচি ৪২০’-এর মাধ্যমে আবারও বলিউডে ফেরেন। পরে ‘হে রাম’, ‘অভয়’, ‘মুম্বাই এক্সপ্রেস’, ‘বিশ্বরূপ’ ও ‘বিশ্বরূপ টু’-এর মতো দ্বিভাষিক চলচ্চিত্রেও অভিনয় করেন।

সবশেষে কমল হাসানকে দেখা গেছে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত মণি রত্নম পরিচালিত ‘থাগ লাইফ’ সিনেমায়। তবে বহুল আলোচিত এই ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।