অবশেষে দেবী চৌধুরানীর জমিদার বাড়িসহ রংপুরের পাঁচ প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণে গেজেট হচ্ছে

অবশেষে দেবী চৌধুরানীর জমিদার বাড়িসহ রংপুরের পাঁচ প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণে গেজেট হচ্ছে

সংগৃহীত ছবি

 

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরাঙ্গনা দেবী চৌধুরানীর জমিদার বাড়িসহ রংপুর বিভাগের পাঁচটি প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণের লক্ষ্যে গেজেটভুক্ত করা হচ্ছে।

প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলম শনিবার সকালে রংপুরের তাজহাট জমিদার বাড়িতে অনুষ্ঠিত ‘রংপুর জাদুঘর: বাস্তবতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থানগুলো সংরক্ষণের জন্য অনুসন্ধান, জরিপ ও খনন কার্যক্রম চলমান রয়েছে। আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা নতুন প্রত্নস্থানের প্রতিবেদন প্রস্তুত করছেন। পাশাপাশি জমি-সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সংরক্ষিত স্থানের সংখ্যা আরও বাড়বে।

মহাপরিচালক বলেন, সারা দেশে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো অনুসন্ধান, জরিপ ও খননের মাধ্যমে সংরক্ষণের কাজ চলছে। রংপুর আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠার পর এ অঞ্চলের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলো পর্যায়ক্রমে সংরক্ষণের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গেজেটভুক্ত হতে যাওয়া রংপুর বিভাগের পাঁচটি প্রত্নতাত্ত্বিক স্থান হলো— রংপুরের পীরগাছা উপজেলার ঐতিহাসিক দেবী চৌধুরানীর জমিদার বাড়ি, পীরগাছার ইটাকুমারী জমিদার বাড়ি, লালমনিরহাটের সিন্দুরমতি দিঘি, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক তিন গম্বুজ মসজিদ এবং ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামরায় দিঘি।

এর আগে তাজহাট জমিদার বাড়ির মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদফতরের রাজশাহী আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান এবং রংপুর আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ।

সেমিনারে রংপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ, উন্নয়ন এবং পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। রংপুর জাদুঘরের আয়োজিত এ অনুষ্ঠানে দর্শনার্থী, ট্যুরিস্ট পুলিশ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।