ফরিদপুরের মাদকবিরোধী অভিযানে ২৬ লাখ ৪০ হাজার টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপ
ছবিঃ সংগৃহীত।
ফরিদপুরের কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-ঢাকা মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার তল্লাশি করে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. রানা গাজী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর এলাকার রহিম গাজীর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত রানা গাজী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানানো হয়েছে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদক, জব্দকৃত প্রাইভেটকার এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।