শেষ মুহূর্তের গোলে সমতায় ফিরল মরক্কো
সংগৃহীত
জয় প্রায় নিশ্চিত করেই ফেলেছিল নেদারল্যান্ডস। কিন্তু যোগ করা সময়ের শুরুতে মরক্কোর দিয়পের গোলে বদলে যায় পুরো খেলার সমিরকরণ। ৯০+১ মিনিটে গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান তিনি।
গোলের আগে মরক্কো একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও ডাচ রক্ষণ ছিল দুর্ভেদ্য। ৮৫তম মিনিটে মরক্কোর ইসমাইল সাইবারি গোলমুখে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই দুর্দান্ত ট্যাকলে তাকে থামিয়ে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
ম্যাচের শেষ দিকে দুই দলই একাধিক পরিবর্তন আনে। নতুন খেলোয়াড় নামিয়ে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে মরক্কো, অন্যদিকে নেদারল্যান্ডসও রক্ষণ আরও শক্ত করে।
তবু শেষ রক্ষা হয়নি ডাচদের। যোগ করা সময়ে তালবি ডান দিক থেকে লম্বা বল ভাসিয়ে দেন প্রতিপক্ষের বক্সে। ঘুরে দাঁড়িয়ে দারুণ এক হেডে বল জালে পাঠান দিয়প। আন্তর্জাতিক ফুটবলে এটি তার প্রথম গোল, আর সেই গোলেই বিশ্বকাপে মরক্কোর আশা নতুন করে জেগে ওঠে।
এর আগে ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু শেষ মুহূর্তের এই সমতাসূচক গোল ম্যাচকে নিয়ে গেছে নতুন নাটকীয় মোড়ে। এখন জয় নির্ধারণের জন্য দুই দলকে খেলতে হবে অতিরিক্ত সময়।