বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, নিরাপদ আশ্রয়ে মাছ ধরার ট্রলার
ফাইল ছবি
বৈরী আবহাওয়ায় উত্তাল হয়ে ওঠা সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে নিরাপদ আশ্রয় নিয়েছে। মাছ আহরণে দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ায় কবলে পড়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফিরে আসতে হয়েছে জেলেদের।
সুন্দরবনের দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে থাকা বাগেরহাটের কচুয়া উপজেলার বগা এলাকার একটি ফিশিং ট্রলারের মাঝি নজরুল ইসলাম শুক্রবার বিকালে মোবাইল ফোনে জানান, সাগরে গত দুইদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। প্রবল বেগে ঝড়ো বাতাসে বড় বড় ঢেউয়ের কারণে সাগর উত্তাল হওয়ায় ফিশিং ট্রলাররের বহর সাগরে টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অনেক ফিশিং ট্রলার সুন্দরবনের দুবলা, মেহেরআলী, আলোরকোল, ভেদাখালী, কচিখালীসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, বঙ্গোপসাগরে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তাল সাগরে টিকতে না পেরে কয়েকশ ফিশিং ট্রলার বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবি ঘাট, শরণখোলা, রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটা উপকূলসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকে আশ্রয় নিয়ে আছে। মাছ আহরণে দীর্ঘ ৫৮দিনের অবরোধ শেষে এসব ফিশিং ট্ররার বহর সাগরে মাছ ধরতে গিয়েই দুর্যোগের কবলে পড়েছে।
বাগেরহাটের মৎস্য বন্দর রাজৈর মৎস্য ঘাটের আড়তদার কবির হোসেন জানান, সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় এখানে অর্ধশত ফিশিং ট্রলার দুই দিন ধরে এই মৎস্য ঘাটে নিরাপদে নোঙর করে আছে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ছে। উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিং ট্রলার উপকূলের দিকে ছুটে আসছে।