চলন্ত অটোরিকশা থেকে পড়ে দোকানির মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর দক্ষিণখানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে মানিক মিয়া (৪০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণখানের কাওলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মানিক মিয়ার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তিনি রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনায় বসবাস করতেন এবং সেখানে একটি মুদিদোকান পরিচালনা করতেন।
মানিক মিয়ার শ্যালিকা রুপালী আক্তার জানান, দুপুরে একটি কাজে অটোরিকশাযোগে উত্তরার দিকে যাচ্ছিলেন মানিক মিয়া। পথে কাওলা মোড়ে পৌঁছালে হঠাৎ চলন্ত অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য দক্ষিণখান থানাকে অবহিত করা হয়েছে।