গাইবান্ধায় হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রীল শ্রমিক জহুরুল ইসলামকে হত্যার খুনীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকাল ৫টায় পৌর শহরে পশ্চিম চারমাথায় ও থানার সামনে গোবিন্দগঞ্জ পৌরবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লা, নিহতের স্ত্রী শিরিন আক্তার, কন্যা জেরিন ও জানুফা, রাশেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে গ্রীল শ্রমিক জহুরুলের খুনীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে প্রায় ৩০ মিনিট যানচলাচল বন্ধ থাকে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে উপজেলার কাটামোড়ে যাচ্ছিলেন। রিকশাটি কাটামোড়ে পৌছানোর মুহূর্তে হর্ণ দেওয়ায় স্থানীয় এরশাদ আলীসহ আরও দুই থেকে তিনজন অটোরিকশার চালককে মারধর শুরু করেন। এসময় ওই রিকশার যাত্রী জহুরুল প্রধান চালককে মারধরে বাধা দেন। এসময় এরশাদ আলী জহুরুল প্রধানের বুকে সজোরে ঘুষি মারেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জহুরুল প্রধানকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত এরশাদ আলীকে আটক করে থানায় নেয়। এ ঘটনায় রাতে নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে নামীয় তিনজন ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।