নদীতে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
প্রতিকি ছবি
বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়াল খাঁ নদীর নন্দীরবাজার এলাকা থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।
মৃত জামিলা (১৪) পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। তিনি ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে মুলাদী উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে যানা যায়, শুক্রবার দুপুরে দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকায় ছোট বোন জান্নাতকে নিয়ে নদীতে গোসল করতে নামেন জামিলা। সাঁতার না জানায় তারা নদীর পাড়ের অল্প পানিতে ছিল। একপর্যায়ে পা পিছলে জামিলা গভীর পানিতে তলিয়ে যায়।
বড় বোনকে বাঁচাতে জান্নাত চেষ্টা করলেও সেও পানিতে ডুবে যেতে থাকে। পরে এক পথচারী জান্নাতকে উদ্ধার করলেও জামিলাকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয় জেলে ও মুলাদী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। শনিবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়েও তার সন্ধান না মেলায় স্বজনরা ট্রলার নিয়ে নদীতে খোঁজ চালিয়ে যান এবং মাইকিং করেন।
রবিবার সকালে বালুবাহী একটি ট্রলারের শ্রমিকেরা নন্দীরবাজার এলাকায় নদীতে একটি লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে জামিলার লাশ শনাক্ত করে উদ্ধার করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।