গোমস্তাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
প্রতিকি ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাড়িতে আম ব্যবসায়ীর পরিচয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। খবর পেয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় ছয়জনকে আটক করা হয়। তবে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রহনপুর রেলস্টেশনসংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়। এ সময় একটি বড় কাটার, একটি লোহার রড, একটি হাতুড়ি, দুটি ধারালো হাসুয়া এবং একটি লোহার তৈরি দ্বিমুখী অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি নূরে আলম বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।