সলঙ্গায় সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য কারাগারে

সলঙ্গায় সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য কারাগারে

প্রতিকি ছবি

সিরাজগঞ্জের সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশ একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

তারা হলেন— সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), বৃষ্টি (২৫), রজিনা আক্তার সায়দা (৩০), বিউটি খাতুন (৩৫), শেফা আক্তার (২১), তামান্না (৩০), জুমা (২০) ও সুবিনা আক্তার লাকী (২০)।

সলঙ্গা থানার ওসি আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হলে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।