মাগুরায় বেশি দামে সার বিক্রি, জরিমানা
ফাইল ছবি
মাগুরায় কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি ও অনিয়মের দায়ে এক সার ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শত্রুজিতপুর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যলয়ের বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। এছাড়া অভিযানে ওই এলাকার বিসিআইসি সার ডিলার ও মুদি দোকানদারসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা কার্যালয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার শত্রুজিতপুর বাজারে মেসার্স সনজিত কুমার সাহা নামক বিসিআইসি সারের দোকানে তদারকিতে পাওয়া যায় ভয়াবহ অনিয়ম।
টিএসপি সারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫০ টাকা বস্তা কিন্তু উক্ত প্রতিষ্ঠান বিক্রয় করেছে ২ হাজার ২০০ টাকা প্রতি বস্তা। এছাড়া ডিএপি সারের সরকার নির্ধারিত মূল্য ১হাজার ৫০ টাকা হলেও প্রতিষ্ঠানটি বিক্রয় করেছেন ১ হাজার ৭০০ টাকা বস্তা। অতিরিক্ত দামে সার বিক্রি করলেও ভাউচার কিংবা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়নি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, অভিযান চলাকালে স্থানীয় দু’জন কৃষকের সাথে মোবাইল ফোন করে কথা বলে জানা যায় সার ক্রয় বাবদ তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়া হলেও প্রতিষ্ঠানটি থেকে কোন ভাউচার প্রদান করা হয়নি।
যা দেশের কৃষি ও কৃষকদের সাথে ভয়াবহ প্রতারণা। প্রতিবছর সরকার কৃষকদের নিকট ন্যায্যমূল্যে সার প্রদানের লক্ষ্যে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। কিন্তু এসমস্ত অসাধু ব্যবসায়ীদের জন্য কৃষদের পকেট থেকে অতিরিক্ত টাকা চলে যায় সার বাবদ। কৃষি ও কৃষক নিয়ে এমন প্রতারণামূলক অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের আইন অমান্যকারী কৃষকদের সাথে প্রতারণামূলক কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন সহকারী পরিচালক সজল আহমেদ।