নদীতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রতিকি ছবি
ঘুরতে গিয়ে চিরিরবন্দরের কাঁকড়া নদীর রেলব্রিজ পার হতে গিয়ে পিছলে পড়ে আল রাফিন রাজা নামে এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার আগে চিরিরবন্দরের কাঁকড়া নদীর ওপর কাঁকড়া রেল ব্রিজে এ ঘটনা ঘটে।
এইচএসসি পরীক্ষার্থী আল রাফিন রাজা (২০) ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ঘনী মহিষপুর এলাকার মাসুদ রানার ছেলে। সে চিরিরবন্দর ঘুঘুরাতলী এলাকায় রংধনু মেসে থাকত এবং চিরিরবন্দর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানায়, ৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় চিরিরবন্দরের কাঁকড়া রেলব্রীজে ৭জন বন্ধুর সাথে ঘুরতে যায় এইচএসসি পরীক্ষার্থী আল রাফিন রাজা। সকলেই শখের বশে নদীর উপর রেলব্রীজের রেললাইনের উপর দিয়ে হেঁটে পার হওয়ার সময় পিছলে গিয়ে রেলব্রিজের নিচে পানির স্রোতে আল রাফিন রাজা ভেসে যায়। সাঁতার না জানায়, সে ডুবে গিয়ে নিখোঁজ হয়। জরুরী সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে মৃতদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেবব্রত সরকার বলেন, ওই ছাত্রকে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রেল ব্রীজের ১০০ মিটার দূরে থেকে উদ্ধার করে থানায় আনা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।