ঢাকা মেডিকেলে বিশুদ্ধ পানির ফিল্টার বসাল আস-সুন্নাহ ফাউন্ডেশন

ঢাকা মেডিকেলে বিশুদ্ধ পানির ফিল্টার বসাল আস-সুন্নাহ ফাউন্ডেশন

ফাইল ছবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের জন্য ঠান্ডা, গরম ও স্বাভাবিক (নরমাল) বিশুদ্ধ পানির চারটি ফিল্টার স্থাপন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি জানান, সারাদেশের অসংখ্য অসহায় রোগীর শেষ ভরসা হিসেবে পরিচিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগোসংবলিত চারটি পানি ফিল্টার স্থাপন করা হয়েছে। প্রতিটি ফিল্টারের ধারণক্ষমতা ৪০ লিটার এবং এগুলো থেকে ঠান্ডা, গরম ও স্বাভাবিক তিন ধরনের বিশুদ্ধ পানি সংগ্রহ করা যায়। ফলে রোগী ও তাদের স্বজনরা প্রয়োজন অনুযায়ী এসব পানি ব্যবহার করতে পারবেন।

রোগী এবং রোগীর স্বজনদের এসব ফিল্টার থেকে পানি সংগ্রহের দৃশ্য তাদের মন ভরিয়ে দিয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, বিপুল চাহিদার তুলনায় এই উদ্যোগ ছোট হলেও ঢাকা মেডিকেলকে ঘিরে তাদের আরও বড় ও ভিন্নধর্মী পরিকল্পনা রয়েছে। তিনি আল্লাহর কাছে এ উদ্যোগ সফল হওয়ার তাওফিক কামনা করেন।

তিনি জানান, এ প্রকল্পের আওতায় এরই মধ্যে দেশের ২০০টি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ফিল্টার স্থাপন করা হয়েছে। এর আগে তিনি দারিদ্র্যপীড়িত বিভিন্ন এলাকার মাদরাসা ও হাসপাতালেও ২০০টি ফিল্টার বিতরণের তথ্য উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব ফিল্টারের মাধ্যমে হাজার হাজার রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিশুদ্ধ ঠান্ডা, গরম ও স্বাভাবিক পানির সুবিধা পাচ্ছেন।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, খাদ্য সহায়তা, এতিম পরিচর্যা এবং দুর্যোগকালীন ত্রাণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।