দ্বিপাক্ষিক ব্যবসায়িক সংযোগ বৃদ্ধির আহ্বান ইতালিয়ান রাষ্ট্রদূতের
সংগৃহীত ছবি
চট্টগ্রামের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ইতালিয়ান এবং বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
তিনি বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার আয়াজিত এক কর্মশালায় অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
ইতালিয়ান রাষ্ট্রদূত বলেন, ইতালির সাথে বাংলাদেশের রয়েছে ২ বিলিয়ন ইউরোর বেশি বাণিজ্য। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১.৬ বিলিয়ন ইউরোর আমদানি করে থাকে। তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাতে পণ্য বৈচিত্র্যকরণ ও গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে ইতালিয়ান কোম্পানিগুলো মেশিনারিজ ও প্রযুক্তিগত প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রামে অর্থনৈতিক জোন ও ফ্রি ট্রেড জোন এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ওয়ার্কশপে ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, ইতালির অনারারী কনসাল মির্জা সালমান ইস্পাহানী, চট্টগ্রাম চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এমএ ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব, এম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।