বাসে যাত্রী বেশে ছিনতাই চক্রের মূল হোতা গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রামে অভিযান চালিয়ে বাসে যাত্রীবেশে ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. সাইফুল ইসলাম ওরফে বাদশাকে(৩৬) গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম পটিয়া থানার কোলাগাঁও এলাকার শামছুল আলমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ১৫টি মামলা রয়েছে।
শুক্রবার(১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিন উর রশিদ।
তিনি জানান, বাসে যাওয়ার সময় যাত্রীবেশে ওঠা ছিনতাইকারীরা রোমন শেখ নামে একজনকে ছোরা দিয়ে ভয় দেখিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটিকে শনাক্ত করে পুলিশ।
পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সাইফুলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১১টি ফোন উদ্ধার করা হয়, যারমধ্যে রোমন শেখের ছিনতাই হওয়া ফোনটিও রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সাইফুল তার সহযোগীদের নিয়ে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, পথচারী ও বাসের যাত্রীদের টার্গেট করে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল বলে জানিয়েছে।