ককটেল ফাটিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী গ্রেফতার
প্রতিকি ছবি
গাজীপুরের শ্রীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ছয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কের দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি ব্যানার জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন— ময়মনসিংহ জেলার পাগলা থানার দক্ষিণ হারিনা গ্রামের মো. সামসুলের ছেলে মো. রাজু (২৩), একই গ্রামের মো. রফিকের ছেলে মো. তানজিম (১৪), গাভী শিমুল গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. ওয়ালি ইসলাম (৩২), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মাদাখোলা গ্রামের মো. আলমগীরের ছেলে মো. রাব্বি (১৯), চর বিশ্বনাথপুর গ্রামের মো. ফরিদের ছেলে মো. ইমন (২০) এবং একই গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. মোবারিছ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর পার্শ্ববর্তী ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা থেকে একটি বাস ও দুটি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি দুর্লভপুর এলাকায় এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা করেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বরমী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রনি আকন্দ জানান, খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় একটি বাস ও একটি মাইক্রোবাস দ্রুত চলে গেলেও অপর একটি মাইক্রোবাসসহ ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ছয়জনকে থানায় আনা হয়েছে। ককটেল বিস্ফোরণসহ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।