শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী-সন্তান নিহত

শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী-সন্তান নিহত

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী, স্ত্রী ও তাদের ৯ মাসের শিশু নিহত হয়েছেন। শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হাসান (৩৫) পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে। তার নিহত স্ত্রীর নাম বিথী আক্তার (৩০), ৯ মাস বয়সি সন্তানের নাম নুর। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিলেন।

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, ওই দম্পতি সন্তানসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে বিথী আক্তার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রাকিব হাসান ও তাদের ৯ মাস বয়সি সন্তান নুরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। 

অবস্থা গুরুতর হওয়ায় তাদের নুরকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। কাভার্ডভ্যানটি শনাক্তে কাজ করছে পুলিশ। নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান।