চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে ছাত্রদল

চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে ছাত্রদল

সংগৃহীত ছবি

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ করা হয়েছে। 

শনিবার ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এসময় বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে নিহত দুই বছর বয়সী শিশু ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে থাকবে। প্রথম দিনে ৫০০টি পরিবারের হাতে ত্রাণ ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, আল মামুন সাদ্দাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, যুগ্ম আহবায়ক আবদুল ওয়াহেদ সুমন উপস্থিত ছিলেন।