পদ্মা নদীতে জেলেদের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪
প্রতিকি ছবি
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধসহ চার জন জেলে আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নাটোরের লালপুরের তিলকপুর গ্রামের মোহাম্মদ মন্ডলের ছেলে সাইদুর মন্ডল(৬৫), একই গ্রামের সমত উল্লাহ প্রামাণিকের ছেলে সোহেল রানা(৩৭), মজেল প্রামাণিকের ছেলে মজনু(৪২) এবং সোহেল রানার ছেলে শিশির আহমেদ(১৮)। আহতদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ি ফিরে গেছেন।
তবে গুরুতর আহত শিশিরকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোরের লালপুর উপজেলার তিলকপুর থেকে ১০-১২ জনের একদল জেলে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল জেলেদের ওপর হামলা করে। দৃর্বৃত্তরা প্রথমে জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি ছররা গুলি ছুড়তে শুরু করে।
এরপর তারা জেলেদের নৌকা থেকে নামিয়ে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত জেলে শিশির আহমেদ জানান, দুপুরে তারা ইঞ্জিনচালিত একটি নৌকায় মাজদিয়া ইসলামপাড়া ঘাট এলাকায় নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় দুর্বৃত্তরা কাকন বাহিনীর সদস্য সন্দেহে মাছ ধরা নৌকাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
পরে তারা তাদের মাছ ধরা ইঞ্জিনচালিত নৌকাসহ সবাইকে নদীর কিনারায় নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে অন্য জেলেরা তাদের ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির(ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি খোন্দকার শফিকুল ইসলাম বলেন, জেলেদের ওপর কী কারণে হামলা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
অন্যদিকে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ হাসপাতালে গিয়ে আহত জেলেদের খোঁজখবর নিয়েছে।
তবে ঘটনাস্থল ঈশ্বরদী থানার নিকটবতী হওয়ায় আইনগত ব্যবস্থা ঈশ্বরদী থানা পুলিশ গ্রহণ করবে।
পদ্মা নদীর মাঝখানে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানালেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান। তিনি বলেন, ঘটনাটি ঈশ্বরদী উপজেলার সীমানার মধ্যে নয়, পার্শ্ববর্তী অন্য কোনো এলাকায় ঘটে থাকতে পারে। এরপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
উল্লেখ্য এর আগে গত ১৬ জুন লালপুর উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীতে একটি ভাসমান নৌকা থেকে সাহাবুল প্রামাণিক(৪২) এবং ৯ জুন চরজাজিরা এলাকায় একটি স্পিডবোট থেকে গুলিবিদ্ধ আজিজুল হক ঝড়ুর মরদেহ উদ্ধার করে পুলিশ।